ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদ হার নিয়ে হাইকোর্টের রুল

তফসিলি ব্যাংকগুলোর তুলনায় ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় গ্রামাঞ্চলে ভূমিহীন ঋণগ্রহীতাদের জন্য গ্রামীণ ব্যাংকের আরোপ করা বেশি সুদের হার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল দেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা/পরামর্শকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।


সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান গত সপ্তাহে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন, সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফাতেমা এস চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন ও সাইফুজ্জামান।রুলের বিষয়টি জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী ফাতেমা এস চৌধুরী বলেন, ভূমিহীনদের জন্য গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের বিপরীতে সুদের হার তফসিলি ব্যাংকগুলোর তুলনায় ২০ ভাগের ওপরে।


যেকোনো তফসিলি ব্যাংক থেকে যেকোনো ধরনের ঋণ নেওয়া হলে, ঋণগ্রহীতা যদি মূল ঋণের বিপরীতে সুদের দ্বিগুণ পরিশোধ করেন, তাহলে দায় থেকে অব্যাহতি পেয়ে থাকেন। অথচ গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ নেওয়া গ্রহীতারা এ ধরনের সুযোগ পান না। গ্রামীণ ব্যাংক থেকে ভূমিহীন ক্ষুদ্র ঋণ নেওয়া গ্রাহকদের ক্ষেত্রে এ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page